মাদক ব্যবহারের পরিমাণ সরকারের জানা নেই
বাংলাদেশের মাদকাসক্তরা কী পরিমাণ মাদক ব্যবহার করে, তার কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই।
বৃহস্পতিবার সংসদে সরকারদলীয় সদস্য এম এ লতিফের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এই তথ্য না থাকার কথা জানান।
তিনি বলেন, “বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তিরা কী পরিমাণ মাদক ব্যবহার করে এ সম্পর্কে কোনো জরিপ অদ্যাবধি হয়নি।”
প্রতিমন্ত্রী জানান, গত ৫ বছরে ৯১ লাখ ৬২ হাজার ৯৩৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ২৩৩ কেজি হেরোইন, ১ লাখ ৩৮ হাজার ২১৮ কেজি গাঁজা, ৯ লাখ ৭০ হাজার এ্যাম্পুল ইনজেক্টিং ড্রাগস এবং ৮৮ লাখ ৯৮ হাজার ৩০৫টি ইয়াবা ট্যাবলেট আটক করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া মাদক বিক্রি ও সেবনের অপরাধে এই সময়কালে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার ৩৫৬টি মামলা এবং ১৬ হাজার ২৯২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বলে জানান তিনি।
আসাদুজ্জামান বলেন, “শুধু অভিযান পরিচালনা ও মামলা রুজু করে অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক্ষেত্রে গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক উদ্বুদ্ধকরণের ওপর জোর দেয়া প্রয়োজন।”
