আগাম জামিন: আপিল বিভাগের নীতিমালা মানেনি হাই কোর্ট
আগাম জামিন দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের দেয়া নির্দেশনা হাই কোর্টের একটি বেঞ্চ মানেনি বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ হাই কোর্টের দেয়া একটি জামিন বাতিলের রায়ে এই মন্তব্য করেছে।
রায়ে জামিন প্রদানে হাই কোর্ট বিভাগকে ৭ দফা নির্দেশনা দেয়া হয়।
মুদ্রাপাচারের মামলায় গত ১০ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে জামিন দেয় হাই কোর্ট।
পরে দুদকের আবেদনে ২৪ ফেব্রুয়ারি ওই জামিন বাতিল করে আপিল বিভাগ। গত ১৮ মার্চ প্রকাশিত জামিন বাতিলের সেই রায়ে হাই কোর্টের দেয়া জামিনের সমালোচনা করা হয়।
এর আগেও বিভিন্ন রায়ে আপিল বিভাগ জামিন প্রদানে জামিন প্রদানে হাই কোর্টকে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলো বলে এ রায়ে বলা হয়েছে।
রাষ্ট্র বনাম জাকারিয়া পিন্টু মামলায় হাই কোর্ট দেয়া ৭ দফা নির্দেশনার কথাও এই রায়ে উল্লেখ করা হয়। রাষ্ট্র বনাম আবদুল ওয়াহাব শাহ চৌধুরী মামলার কথাও নতুন এই রায়ে বলা হয়েছে।
রায় প্রকাশের পর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেও দুইটা মামলায় আপিল বিভাগ বিভাগ আগাম জামিনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। এখন নতুন করে বেশ কিছু নির্দেশনা দিলেন। এখন থেকে হাই কোর্টের সব জামিনের বেঞ্চকে আগাম জামিনের ক্ষেত্রে এই সব নীতিমালা মানতে হবে।”
গত বুধবার প্রকাশিত ওই রায়ে বলা হয়, কারো জন্য বিবেচনার দরজা খুলতে তাদের (বিচারক) এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে, গড়পড়তা দাবির ওপর বিশ্বাস না করে সুনির্দিষ্ট, স্পষ্ট, যৌক্তিক, বিশ্বাসযোগ্য কারণ এবং যথেষ্ট ব্যাখ্যাসহ সিদ্ধান্তটি নেয়া হচ্ছে।
আপিল বিভাগ বলেছে, ‘হাকিম বা নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকদের নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করে’- এ রকম ধারণাকে ‘সুনির্দিষ্ট’ ধরে নেয়া যাবে না, কেননা হাকিম বা নিম্ন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এখন আর নির্বাহী বিভাগের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণাধীন নয়।
“নির্দিষ্ট কেউ অথবা হাকিম/বিচারকদের কোনো গ্রুপের বিরুদ্ধে সন্দেহ থাকলে তার কারণ নির্দিষ্টভাবে ব্যাখ্যাসহ উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে বিচারকদেরও (হাই কোর্টের) ওই সন্দেহ যুক্তিগ্রাহ্য মনে হওয়ার কারণ জানাতে হবে।”
নির্দেশনার দ্বিতীয় দফায় বলা হয়, আবেদনকারীর রাজনৈতিক পরিচয় অথবা তার সঙ্গে কারো বিরোধের দাবি (যে কারণে মামলা হয়েছে) আবেদন মঞ্জুরের ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না।
রায়ে বলা হয়, এজাহারে অপরাধ ‘জামিন অযোগ্য’ হিসাবে উল্লেখ করা থাকলে হাই কোর্ট বিভাগকেই যে বিষয়টি বিবেচনা করতে হবে- এমন কথা নেই। যথাযথ ক্ষেত্রে হাকিম/নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের বিচারকরাও এ ধরনের আসামির জামিন মঞ্জুর করতে পারেন।
নির্দেশনার চতুর্থ দফায় বলা হয়েছে, অভিযুক্ত কারাগারের বাইরে থাকলে তার প্রভাব যদি তদন্তকে প্রভাবিত করে- তাহলে তা অনুমোদনযোগ্য নয়।
আপিল বিভাগ বলেছে, হাই কোর্ট বিভাগকে অবশ্যই যথাযথভাবে এজাহার পর্যালোচনা করতে হবে। জঘন্য অপরাধের অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন দেয়া সাধারণভাবে বন্ধ করতে হবে।
আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ‘বানোয়াট’ বলে দাবি করা হলেও এ ধরনের অপরাধে জামিনের ক্ষেত্রে তা বিবেচনায় নেয়া যাবে না।
যে কারো অধিকার রক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ঘটনার শিকার ব্যক্তি এবং বৃহৎ পরিসরে সমাজের স্বার্থ বিবেচনায় নিতে হবে বলেও বলা হয় আপিল বিভাগের নির্দেশনায়।
“সকল ক্ষেত্রে সন্তুষ্ট হলে হাই কোর্ট বিভাগ অভিযুক্ত ব্যক্তিকে স্বল্প সময়ের জন্য জামিন দিয়ে আবেদনের নিষ্পত্তি করতে পারে। কোনো রুল জারি না হলে এর মেয়াদ সাধারণভাবে চার সপ্তাহের বেশি হবে না।”
“আর জামিন মঞ্জুরের আদেশে এটা অবশ্যই দৃষ্টিগ্রাহ্যভাবে উল্লেখ করতে হবে যে, পরবর্তী সময়ে বিচারিক আদালত হাই কোর্টের আগাম জামিনের ‘রেফারেন্স’ না দিয়ে এর আইনগত দিক বিবেচনা করে সংশ্লিষ্ট মামলার জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো মামলায় অভিযোগপত্র হয়ে গেলে আগাম জামিন আর কার্যকর থাকবে না।”
মোশাররফের জামিন আবেদন নিয়ে আদেশে বলা হয়, তাকে দেয়া হাই কোর্টের জামিন আদেশ বাতিল করা হলো।
“হাই কোর্ট আগাম জামিনের বিষয়ে এই বিভাগের দেয়া নীতিমালা অনুসরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আমরা কেবল এটাই বলছি, হাই কোর্ট বিভাগের প্যারাডক্সিক্যাল আদেশে আমরা হতাশ।”
মুদ্রাপাচার মামলায় হাই কোর্টের দেয়া ওই আগাম জামিন আপিল বিভাগে বাতিল হওয়ার পর জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নাসিম আনোয়ার গত ৬ ফেব্রুয়ারি রমনা থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছেন।
মোশাররফের আবেদনে গত ১০ ফেব্রুয়ারি হাই কোর্ট তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।
