২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগের দুপক্ষের সংঘর্ষ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত আট জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:16 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার বড়বাড়িয়া বাজারে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, বিকালে চিতলমারী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমানের সমর্থকরা বড়বাড়িয়া বাজারে প্রচারণা চালাতে গেলে প্রতিদ্বন্দ্বী একই দলের চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান পান্নার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, মুজিবর রহমানের সমর্থক খসরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান পান্নার পূর্ব বিরোধ রয়েছে।

সেই বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তিনি জানান, সংঘর্ষের ছবি তুলতে গিয়ে সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি পঙ্কজ কুমার মণ্ডল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, পঙ্কজের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এর মধ্যে মুখমন্ডলের আঘাতটি গুরুতর বলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মুজিবর রহমান চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অহিদুজ্জামান পান্না চিতলমারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি।