গোবিন্দগঞ্জে বাসচাপায় নারীসহ দুজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পান্থপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় মারা যান মোটরসাইকেল আরোহী শাহীন খান (৪০) ও পথচারী মরিয়ম বেগম (৫৫)।
শাহীন বরগুনার বেতাগী উপজেলার জবখালী গ্রামের সুলতান খানের ছেলে। তিনি এরিস্টো ফার্মাসিউটিক্যালের গোবিন্দগঞ্জ এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পথচারী মরিয়ম বেগম (৫৫) গোবিন্দগঞ্জের মাগুরা সোনারপাড়া গ্রামের খোকা মিয়ার স্ত্রী।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, এসআর ট্রাভেলসের একটি কোচ ঢাকা থেকে রংপুর যাবার পথে বেলা দেড়টায় বগুড়াগামী শাহীনের মোটরসাইকেল ও পথচারী মরিয়মকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই এই দুজনের মৃত্যু হয়। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
