৩ হাজার বস্তা বিষাক্ত পোল্ট্রি খাদ্যসহ কারখানা সিলগালা
পোল্ট্রি খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ক্রোমিয়ামসহ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়ায় রাজধানীর একটি পোল্ট্রি খাদ্য উৎপাদনকারী কারখানা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার হাজারীবাগের আমিন পোল্ট্রি ফিড কারখানাটি তিন হাজার বস্তা পশুখাদ্যসহ সিলগালা করা হয় বলে জানিয়েছেন র্যাবের ম্যাজিস্ট্রেট আল-আমীন।
কারখানাটিতে ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে পশু খাদ্য তৈরি করা হতো, বলেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হোসেনের নেতৃত্বে একদল গবেষকও অংশ নেন। তারা তাৎক্ষনিকভাবে কারখানায় উৎপাদিত পশুখাদ্যের নমুণা পরীক্ষা করে ক্রোমিয়ামসহ বিভিন্ন বিষাক্ত পদার্থের অস্তিত্ব পান।
এরপরই কারখানাটি সিলগালা করা হয়, বলেন ম্যাজিস্ট্রেট আল-আমীন।
কারখানার মালিক মকবুল আহমেদ পলাতক থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
