২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে ৫ শতাধিক হাতবোমা উদ্ধার

ফেনীর ফুলগাজী উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ শতাধিক তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 11:33 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার রাতে আনন্দপুর ইউনিয়নের হাছানপুর গ্রামে এ অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

ফুলগাজী থানার ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়।

ঘরটি থেকে কয়েকটি মিষ্টির বাক্স ও কয়েকটি কার্টনে ভর্তি পাঁচ শতাধিক তাজা হাতবোমা উদ্ধার করে থানায় আনা হয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, আগামী ২৩ মার্চ ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার জন্য ককটেলগুলো কেউ মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৩ মার্চ ফুলগাজীর হাসানপুর এলাকায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একরামুল হক একরামের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

ওই সংঘর্ষে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণসহ তিনটি নির্বাচনী অফিস, একটি মাইক্রোবাস ও দুইটি দোকানে আগুন দেয়া হয়।