হিমু হত্যা: বাদিকে জেরা শেষ
কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার বাদিকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলামের আদালতে বাদি নিহত হিমুর মামা শ্রীপ্রকাশ দাশ অসিতের জেরা শেষ হয়।
পরে আদালত ২৪ মার্চ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখেন বলে জানান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালতে জবানবন্দি দেন শ্রীপ্রকাশ দাশ।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশে আসামি শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় হিমুকে।
আহতাবস্থায় ২৬ দিন চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপ্রকাশ দাশ পাঁচলাইশ থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
এ বিষয়ে চার দফা শুনানি পেছানোর পর গত ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
অভিযুক্তরা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
এর মধ্যে টিপু ও সাজু জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন।
