নারায়ণগঞ্জে নারীর কঙ্কাল উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণকাজ করার সময় মাটির নিচে এক নারীর কঙ্কাল পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে গোদনাইল তাঁতখানা শান্তিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর কঙ্কাল উদ্ধার করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান চৌধুরী জানান, শান্তিনগর এলাকায় ব্যবসায়ী আব্দুল মান্নান মিয়ার মালিকানাধীন জমিতে গুদাম নির্মাণের কাজ করার সময় মাটি খুঁড়লে শ্রমিকরা প্রায় পাঁচ ফুট গভীরে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কঙ্কালটি দেড় দুই বছর আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মনিরুজ্জামান জানান, মাথার চুল দেখে এটি কোনো নারীর লাশ বলে সনাক্ত করা হয়।
তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।
