২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে বই পড়ার সুযোগ নিয়ে এল ‘আলোর পাঠশালা’

বাংলাদেশে প্রথম কোনো ওয়েবসাইট হিসেবে অনলাইনে বই পড়ার সুযোগ নিয়ে এসেছে ‘আলোর পাঠশালা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 07:13 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

গ্রামীণ ফোনের সহায়তায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের চালু করা এই ওয়েবসাইট বুধবার দুপুরে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রাথমিকভাবে ৭২টি বই নিয়ে এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছে। কম্পিউটার, ই-বুক রিডার ও অ্যান্ড্রয়েড মোবাইলে বইগুলো পড়তে পারবেন পাঠকরা। থাকছে ডাউনলোডও করার সুযোগও।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং গ্রামীণ ফোনের কর্পোরেট কমিউনিকেশন প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিশ্বসাহিত্য কেন্দ্রকে ‘আলোকিত’ মানুষ গড়ার ‘তীর্থস্থান’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “এটা সত্য যে, আমাদের দেশে শিক্ষার হার কম। কিন্তু তা তো অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তাহলে কেন আমরা আলোকিত মানুষ পাবো না।”

‘আলোকিত’ মানুষ গড়তে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ‘দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’র মতো করে শিক্ষা মন্ত্রণালয় একটি বইপড়া কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

‘পাঠাভ্যাস উন্নয়ন’ নামের এই কর্মসূচির আওতায় দেশের ১২৫টি উপজেলার প্রায় সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান মন্ত্রী।

আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “আলোর পাঠশালা এমন একটি গাড়ি যেখানে কোনো ড্রাইভার ও তেল লাগবে না। কিন্তু এই গাড়ির গতি তেল-ড্রাইভারের গাড়ির গতির নাগালের বাইরে।

“আমাদের উদ্দেশ্য জনগণের সামনে থাকা নয়, এমন কি পিছনে থাকাও নয়, আমরা জনগণের সঙ্গে থাকবো।”

আলোর পাঠশালা কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনেক বই পড়র সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

‘আলোকিত’ মানুষ গড়ার লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে দেশে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। বর্তমানে সারা দেশের সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের বইপড়া কর্মসূচির সঙ্গে আছেন।