পরিবেশ দূষণ: তিন কারখানাকে জরিমানা
তুরাগ নদী দূষণের দায়ে ঢাকা ও গাজীপুরের তিনটি কারখানাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই কারখানাগুলোর মালিক ও প্রতিনিধিকে ঢাকায় ডেকে শুনানি শেষে জরিমানা করেন।
সাভারের রাজফুলবাড়িয়ায় অবস্থিত বাংলাদেশ ড্রেসেস লিমিটেড (ইউনিট-২), সাভারের কর্ণপাড়ায় বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ ও গাজীপুরের টঙ্গীর নিশাতনগরের সাইকা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক কোটি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এতে আরো বলা হয়,বাংলাদেশ ড্রেসেস লিমিটেড ও বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ না করে তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী তুরাগ নদীতে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি করছে।
এ অভিযোগে এ দুই কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অনিয়ন্ত্রিত কালো ধোঁয়া ও ভারি বস্তুকণা বাতাসে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে সাইকা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
