২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ামত সরদারকে বিদায় জানাল ফকিরহাটবাসী

বাগেরহাটের ফকিরহাট উপজেলাবাসী শেষ বিদায় জানিয়েছে বিদায়ী সদ্য প্রয়াত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরদার নিয়ামত হোসেনকে।

অলীপ ঘটক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 05:53 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

সাতশৈয়া গ্রামের বাড়ির পাশে সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং কাজী আজাহার আলী কলেজ মাঠে দুদফা জানাযা শেষে উপজেলা সদরে নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে বিজিবির প্রহারে গুরুতর আহত হন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সরদার নিয়ামত হোসেন (৫৫)।

তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এলাকার মানুষ নিয়ামত হোসেনের মৃত্যু মেনে নিতে পারেনি। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করছে। তার মৃত্যুর জন্য দায়ীদের কঠোর বিচার জানানো হয়।

বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলায় আওয়ামী লীগের ডাকে পালিত হয় স্বতস্ফূর্ত হরতাল। হাট-বাজার, দোকানপাট, বাড়িসহ বিভিন্ন স্থাপনায় উত্তোলন করা হয় কালো পতাকা।

২৭ ফেব্রুয়ারির নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্সের বিজিবি সদস্যরা সরদার নিয়ামতকে আটকে কয়েকদফা বেদম প্রহার করে।

ওইদিন দুপুরে তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনায় এবং অবস্থার গুরুতর অবনতি হলে ১৫ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

এই উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি শেখ কামরুল ইসলাম কান্নাভেজা কণ্ঠে বলেন, “নিয়ামত ভিন্ন আদর্শের রাজনীতি করতেন। কিন্তু আমরা ছোটবেলার বন্ধু, আমাদের এই সম্পর্ক সব সময় অটুট ছিল। অনেক রাজনৈতিক আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি। ফকিরহাটবাসী তাকে সহজে ভুলতে পারবে না।”

এই ঘটনার সুষ্ঠু বিচার হবে জানিয়ে বাগেরহাট সদর আসনের সাংসদ মীর শওকাত আলী সাংবাদিকদের বলেন, আইনানুগভাবেই এই ঘটনার তদন্ত এবং সুষ্ঠু বিচার করা হবে।

শারিরীক অসুস্থতার কারণে নিয়ামত সরদারের মৃতদেহ দেখতে বা জানাযায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত চেয়ারম্যান শরিফুল কামাল কারিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফকিরহাটে পঞ্চাশ বছরেও নিয়ামত সরদারের মতো একজন রাজনীতিবিদ তৈরি হবে না। আমরা মূল্যবান সম্পদ হারিয়েছি। নির্বাচনের দিন যা ঘটেছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।”

জনপ্রিয় সাবেক এই উপজেলা চেয়রম্যানরে জানাযায় অংশ নেয় ফকিরহাট বিশ্বরোড চৌরাস্তা মোড়ের শিশু শ্রমিক লিটন (১৪)।

লিটন বলে, “কাকা খুব ভালো মানুষ ছিলেন। আমাকে খুব আদর করতেন।”

সাতশৈয়া গ্রামের তরিকুল ইসলাম (২৭) বলেন, এই উপজেলায় চেয়ারম্যান পদে নিয়ামত সরদারের বিজয় ছিল সুনিশ্চিত। ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা এভাবে তাকে না পেটালে তাকে হারতেও হতো না, মরতেও হতো না।

এই ঘটনার কঠোর বিচার দাবি করেন তিনি।

পাগলা শ্যামনগর গ্রামের আজিম শেখ (৩৬) বলেন, “আমি সক্রিয় রাজনীতি করি না। সরদার নিয়ামতকে চিনতাম। খুব স্পষ্টবাদী লোক ছিলেন। তার মৃত্যুতে ফকিরহাটে আওয়ামী লীগের একটি বলিষ্ঠ নেতৃত্ব হারিয়ে গেল। এই ক্ষতি পূরণ হবে না।”

বুধবার সকাল সাড়ে ৮টায় সাতশৈয়া গ্রামে অনুষ্ঠিত সরদার নিয়ামতের প্রথম জানাযা।

সকাল ১০টায় ফকিরহাট আজাহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় নামাজে জানাযা।

পরে উপজেলা সদরের নিজ বাড়ির আঙিনায় দাফন সম্পন্ন হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে সরদার নিয়ামতের মরদেহ নিয়ে ঢাকা থেকে ফকিরহাটের বাড়ি পৌঁছান তার স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন।