২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজিত প্রার্থীর মৃত্যু: ফকিরহাটে আধাবেলা হরতাল

বাগেরহাটে উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত আওয়ামী লীগ সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর পর আধাবেলা হরতাল পালন করেছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 02:02 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

২২ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরদার নিয়ামত হোসেন (৫৫)।

তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বরোড চৌরাস্তার মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ফকিরহাট-ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে। পরে হরতালের ঘোষণা দেয়।

ফকিরাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস বলেন, লকপুর ও ফকিরহাট পুরান বাজারের ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।

হরতালে উপজেলার ভেতরের যান চলাচল বন্ধ থাকলেও খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

ফকিরহাট উপজেলা সদরের সাতসইয়া গ্রামের বাসিন্দা নিয়ামত এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। অবশ্য তিনি ভোটে পরাজিত হন, চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি সমর্থিত শেখ শরিফুল কামাল কারীম।

এদিকে মঙ্গলবার রাতে নিয়ামতের লাশ উপজেলা সদরের বাড়িতে পৌঁছায়। বুধবার সকালে দু’দফা জানাজা শেষে সরদার নিয়ামত হোসেনেকে উপজেলা সদরে নিজ বাড়ির উঠোনে দাফন করা হয়।