২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দশম সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 01:22 PM

Updated : 22 Aug 2022, 05:55 PM

বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

নির্বাচিত সাংসদদের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাসদের একজন, জাতীয় পার্টির পাঁচজন এবং স্বতন্ত্র জোটের তিন জন রয়েছেন।

এছাড়া বিলখেলাপির দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এবং বিরোধী দল জাতীয় পার্টির এক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী জানিয়েছেন, গেজেট প্রকাশের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের নামের তালিকা বৃহস্পতিবার পাঠানো হতে পারে।

সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী দল ও জোটকে দেয়া আসন সংখ্যার সমান বা কম প্রার্থী থাকলেও মনোনয়ন প্রত্যাহারের সময় পার হওয়ার পরের কার্যদিবসে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন নতুন সংসদরা।

স্পিকার সদস্যদের শপথ পাঠ করান। স্পিকার শিরীর শারমিন চৌধুরী বর্তমানে জেনেভা সফরে রয়েছেন। ২১ মার্চ তার দেশে ফেরার কথা।

দশম সংসদের প্রথম অধিবেশন ৩ এপ্রিল পর্যন্ত চলবে। সেক্ষেত্রে সংরক্ষিত আসনের নারী সাংসদরা এ অধিবেশনেই যোগ দিতে পারবেন।

নির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশের পরবর্তী ২১ দিনের মধ্যে বাকি দুটি সংরক্ষিত আসনের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।