২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভর্তিতে ‘জালিয়াতি’, ‘রহস্য’ শিক্ষকদের কাছেও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষায় জালিয়াতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকরা। তবে কিভাবে এটা হয়েছে, তা এখনো স্পষ্ট নয় তাদের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 12:35 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

সাক্ষাৎকার শুরুর প্রথম দিন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে মেধা তালিকায় প্রথম দিকে থাকা কয়েকজন শিক্ষার্থীর মোবাইল ফোন ঘেঁটে সন্দেহ হয় শিক্ষকদের।

“আট শিক্ষার্থীর নতুন করে পরীক্ষা নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে,” বলেন ওই বিভাগের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ শাহেদুর রহমান।

মোবাইল ফোন রেখে সন্ধ্যায় সাতজনকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগের মুখে থাকা আট শিক্ষার্থীর মধ্যে একজন অপরাধ স্বীকার করলেও ভর্তিচ্ছু অন্যরা বলেছেন, তাদের অযথা হয়রানি করা হচ্ছে।

মেধা তালিকায় দশম স্থানে থাকা ইন্দ্রজিৎ দত্ত অভিযোগ স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি হয়, পরীক্ষার হলে বসে মোবাইল ফোনে সেটকোড পাঠিয়ে ফিরতি এসএমএসে উত্তর পেয়েছি।”

তবে চতুর্থ অবস্থানে থাকা ঐশী দে কোনো ধরনের জালিয়াতিতে জড়িত ছিলেন না দাবি করে বলেন, “বেশি নম্বর পাওয়ায় সকাল থেকে আমাদের অপেক্ষায় রাখা হয়েছে, নিয়ে নেয়া হয়েছে মোবাইল ফোন।”

বিভাগীয় সভাপতি শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য এবং ডিন কার্যালয়ের অনুমতি নিয়ে তারা নতুন করে এই আট শিক্ষার্থীর পরীক্ষা নেন।

কিভাবে এই জালিয়াতি হল- এ প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।

ফার্মেসি বিভাগের শিক্ষক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কঠিন গোপনীয়তা সত্ত্বেও প্রশ্নপত্র কীভাবে ফাঁস হল, তার অনুসন্ধান জরুরি।”

প্রক্টর তপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিস্মিত, অপরাধীকে প্রশাসনের কাছে সোপর্দ করব এবং বৃহৎ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করব।”

এর আগে পরীক্ষা চলাকালীন ১ মার্চ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগেও একই ধরনের ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়। তা নিয়ে তদন্ত কমিটি হলেও ঘটনার কোনো সুরাহা হয়নি এখনো।