সাবেক সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির মামলায় বরিশালের বিএনপিদলীয় সাবেক সাংসদ জহিরুদ্দিন স্বপনসহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদুল কবির এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন সরোয়ার প্যাদা, মশিউর, লিটন, জামাল প্যাদা, হারুন আকন, জালাল বেপারী, শওকত আকন ও হালিম আকন।
আদালতের জিআরও এসআই পরেশ কুমার জানান, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন ও তার সহযোগীরা গৌরনদী উপজেলার কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেনের বুড়িরচর গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালান।
ওই সময় জহিরউদ্দিন স্বপনসহ আসামিরা দেলোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকিও দেন।
এ ঘটনায় ২০১৩ সালের ২১ জুলাই দেলোয়ার হোসেন বাদী হয়ে গৌরনদী থানায় জহিরউদ্দিন স্বপনসহ ১২/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জহিরউদ্দিন স্বপনসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার মামলার নির্ধারিত দিনে আসামিরা সশরীরে আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
