২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার স্মৃতিচারণে শেখ হাসিনা

নাতির জন্ম স্বাধীন বাংলাদেশে হবে বলে দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর তাই আগেই ‘জয়’ রাখা হয়েছিল শেখ হাসিনার ছেলের নাম।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের এক আলোচনা সভায় শেখ হাসিনা বাবার স্মতিচারণ করতে গিয়ে তার স্বাধীনতার স্বপ্নের কথা তুলে ধরেন।

“মার্চ মাসে (১৯৭১ সালের) আমি সন্তান সম্ভবা। জয় আমার পেটে। ২৩ মার্চ দলে দলে আমাদের বাসায় জাতীয় পতাকা নিয়ে সকলে আসছে।”

সব সময় বাবার নখ কেটে দিতেন জানিয়ে হাসিনা বলেন, “আব্বা বললো, ‘দে নখ কেটে দে। আমি থাকি কী, থাকি না, তোর একটা ছেলে হবে। স্বাধীন বাংলাদেশে সে জন্মগ্রহণ করবে, জয় নাম রাখবি’।”

“তার দূরদৃষ্টি ছিল অসাধারণ,” বাবার কথা বলেন প্রধানমন্ত্রী।

১৯৬৯ সালে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর দৃঢ় অবস্থানের কথাও বলেন তিনি।

“আব্বা বলতেন, ‘নির্বাচন হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ স্বাধীন হবে। না হলে যুদ্ধ অনিবার্য’।”

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর দীর্ঘ কারাবাসের কথাও উঠে আসে মেয়ের কথায়।

“আমার ছোট ভাই কামাল। বাবাকে বাবা বলে চিনত না। একবার আমাকে বলেছিলো, ‘হাসু আপা, তোমার আব্বাকে একটু আব্বা বলতে পারি’।”

“জাতির পিতা পরিবার, পিতা-মাতা, সন্তান থেকে মুক্ত হয়ে দেশের মানুষের জন্য ত্যাগ করেছেন। পৃথিবীতে কয়টা মানুষ পারে? হাতে গোনা কয়েকজন পারে।”

পাকিস্তানে কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধু বিজয়ের পর স্বদেশে ফিরতে না পারলে স্বাধীনতা অধরা থেকে যেত বলে মন্তব্য করেন হাসিনা।

স্বাধীনতার পর দেশের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু যে কঠিন সময় পার করেছিলেন, তাও বলেন কাছে থেকে তা দেখা হাসিনা।

“একদিকে আল্ট্রা রাইট স্বাধীনতাবিরোধীরা, অন্যদিকে আল্ট্রা লেফটিস্ট সর্বহারারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।”

“কোথায় যুদ্ধবিধ্বস্ত দেশে সহায়তা দেবে? তারা প্রতিটি পদে পদে বাধা দিয়েছে। তারপরও যখন দেখল, দেশ এগিয়ে যাচ্ছে। তখন অপপ্রচার শুরু করল।”

সেই অপপ্রচার এখনো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলছে বলে বক্তব্যে জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আব্দুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রমুখ।