২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি-জামায়াতে ৯৮ নেতাকর্মী কারাগারে

ফেনীতে পাঁচটি মামলায় বিএনপি-জামায়াত নেতকর্মী ও সাংবাদিকসহ ৯৮ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:42 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার ফেনীর বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকী এ আদেশ দেন।

এদের মধ্যে রয়েছেন পরশুরাম উপজেলার ৮৮ জন ও দাগনভূঞার ১০ জন।

ফেনী আদালত পুলিশের পরিদর্শক মো. আমান উল্লাহ জানান, গত ৩ ফেব্রুয়ারি পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনপূর্ব সংঘর্ষের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবকে প্রধান আসামি করে পৃথক ৪টি মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামিরা গত ১৮ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার বিকালে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা নুর মুহাম্মদ, পৌরসভার কাউন্সিলর মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন, সাবেক পৌর কমিশনার মাহবুবুল হক, সাহাদাত হোসেন সাবি, দৈনিক সংগ্রামের পরশুরাম সংবাদদাতা এম এ হাসান প্রমুখ।

একই সময়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন জাহান বিস্ফোরক আইনে করা আরেকটি মামলায় দাগনভূঞা উপজেলা বিএনপি-জামায়াতের ১০ জন নেতাকর্মীর জামিন বাতিল করে জেল হাজতে পাঠান।