২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পপি ক্ষেত ধ্বংস

বান্দরবানের আলীকদম উপজেলায় চাষ করা একটি পপি ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার আলীকদম-থানচি সড়কের পাশে আলোঝিরি চন্দ্রমনি পাড়ায় এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান খান সুমন।

মেজর কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদর থেকে সাড়ে ১০ কি.মি. পূর্বে একটি আলুক্ষেতের পাশে ১০ শতক জমিতে চাষ করা পপি ক্ষেতটি পাওয়া যায়।

পরে ক্ষেতটি পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান তিনি।

চাষে জড়িত সন্দেহে পাড়ার কার্বারি (প্রধান) চন্দ্রমনি ত্রিপুরাসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও সংশ্লিষ্টতা না পেয়ে পরে ছেড়ে দেয়া হয়।

তবে এএসআই আব্দুল মান্নান জানান, চাষের সঙ্গে জড়িত একজনের নাম পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

কার্বারি চন্দ্রমনি ত্রিপুরা বলেন, “এখানে পপি চাষের খবরটি জানতাম না। সেনাবাহিনী পাড়ায় আসলে আমাকে সেখানে নিয়ে যায়।”

পাড়ার বাসিন্দা মেনচা ম্রো জানান, স্থানীয় নিহাত ত্রিপুরার জমিতে নাদিয়াং ত্রিপুরা একটি আলুক্ষেতের পাশে পপি ক্ষেত করেন। কিন্তু সেখানে যে পপির চাষ করা হয়েছিল এতদিন জানা ছিল না।

অভিযানে সেকেন্ড লে. মো. মেহেদী হাসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মতিয়ার রহমান এবং পুলিশের এএসআই আব্দুল মান্নানসহ ২৭ জন সেনা ও তিনজন পুলিশ সদস্য অংশ নেন।