দশম সংসদে প্রথম বিল উত্থাপন
সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সঙ্গে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ‘বিশেষ ভাতা’ দিতে আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
মঙ্গলবার জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
পরে বিলটি ৩দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটি উত্থাপনের মাধ্যেমে দশম জাতীয় সংসদের আইন প্রনয়নের কাজ শুরু হলো।
গত ২০ জানুয়ারি প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পান। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “সরকার সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের তাদের স্ব-স্ব কেতনের ৫০ শতাংশ হারে মাসিক ‘বিশেষ ভাতা’ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
