কর্মকর্তা পেটানো ওসির বিরুদ্ধে ইসির ব্যবস্থা
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের দিন এক সহকারী রিটার্নিং কর্মকর্তাকে পেটানো বাকেরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন মঙ্গলবার জানান, ওই ওসিকে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নিতে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
গত শনিবার তৃতীয় ধাপের উপজেলা ভোটের দিন হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে নির্বাচনের দায়িত্ব পালন করতে এই উপজেলায় আসা বাকেরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে।
ওইদিন বরিশালের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এক ফ্যাক্সবার্তায় নির্বাচন কর্মকর্তা জাহিদকে মারধরের পাশপাশি কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন।
ভোটের পর নির্বাচন কমিশনার আবদুল মোবারক নির্বাচনী কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য বাকেরগঞ্জের ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাকুর রহমানের সই করা এক পত্রে বলা হয়, “হিজলা উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তার ওপর অসদাচরণ ও শারীরিকভাবে আঘাত করার বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করারেএবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ আইন), ১৯৯১ এর ৫ ধারার ৩ উপধারা অনুযায়ী ব্যবস্থা নিতে ইসি সিদ্ধান্ত দিয়েছে।”
বরিশালের রিটার্নিং কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মহা পুলিশ পরিদর্শক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুযায়ী, অসদাচরণ করলে ইসির সম্মতিক্রমে রিটার্নিং কর্মকর্তা তাকে (দায়ী কর্মকর্তাকে) অনধিক দুই মাসের সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্তের আদেশ দিতে পারবেন।
