রাজশাহীতে কাউন্সিলরসহ ৮ জন কারাগারে
হরতাল-অবরোধে পুলিশের উপর বোমা হামলার মামলায় রাজশাহী নগরীর বিএনপি নেতা ও এক ওয়ার্ড কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার রাজশাহী মহানগর হাকিম বিশ্বনাথ মণ্ডল এ আদেশ দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক বলেন, বিকেল ৩টার দিকে মহানগর বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটনসহ আট কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন ছাত্রদলকর্মী আকবর আলী জ্যাকি, মুরাদ হোসেন, রাজিব হোসেন, জনি, আবু ওয়াহিদ অনি, শাহীন হোসেন ও টুটুল।
আইনজীবী মোজাম্মেল হক মামলার বরাত দিয়ে জানান, গত বছরের ২৭ নভেম্বর সকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ও স্থানীয়ভাবে বিএনপির ডাকে আধাবেলা হরতালের সমর্থনে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে বিএনপিরকর্মীরা।
মিছিল নিয়ে তারা রাজশাহী কলেজের সামনে রাস্তায় বসে পড়ে সমাবেশ করে। এসময় তাদের সরানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ১০/১২টি হাতবোমা বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।
এ সময় বোমার আঘাতে ১০ পুলিশ আহত হন।
এ ঘটনায় পুলিশের এসআই জাহাঙ্গীর বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ দেড়শ জনের বিরুদ্ধ বোয়ালিয়া থানায় মামলা করেন।
