২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই জা-এর ঝগড়ার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে এ ঘটনায় নিহত হন স্থানীয় তোফাজ্জাল হকের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৩৫)।

হামলার পর এলাকাবাসী বহিরাগত পাঁচ হামলাকারীকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গেলে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত হন অন্তত ১০ জন।

ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম, রকি, কবির ও আকবরসহ পাঁচজনকে আটক করা হয়। একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন দেলু ও তার চাচাতো ভাই একই বাড়ির মোস্তফার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বাগানের পাতা কুড়ানো নিয়ে দেলুর স্ত্রী সেতারা বেগম ও মোস্তফার স্ত্রী নাজমা আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে মঙ্গলবার দুপুর ১টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী থেকে নাজমার বাবার বাড়ির লোকজন তিনটি সিএনজি অটোরিকশাযোগে এসে দেলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের পাঁচজনকে ধরে পিটুনি দেয়।

এছাড়া বিক্ষুদ্ধ এলাকাবাসী দুপুর দেড়টা থেকে দুঘণ্টা নোয়খালী-ফেনী সড়ক অবরোধ করে রাখে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে এলাকবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম, দুই কনস্টেবল লাবরিন ও আবদুর রবসহ অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

ওসি মোমিনুল ইসলাম আরো জানান, নিহত দেলোয়ারের বাবা তোফাজ্জাল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মমলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।