২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবির প্রতিবেদনে পক্ষপাতিত্ব: আইনমন্ত্রী

সংসদ নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির প্রতিবেদন ‘পক্ষপাতিত্বমূলক’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মঙ্গলবার নবম জাতীয় সংসদ নিয়ে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশের পরপরই সচিবালয়ে মন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।

সংসদে ‘কার্যকর’ বিরোধী দল পেতে দশম সংসদের মেয়াদ ‘সাময়িক’ হবে বলে টিআইবির পক্ষ থেকে যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে সে বিষয়ে আনিসুল হক বলেন, “উনারা (টিআইবি) যে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন এই প্রেসক্রিপশনের ভ্যালিডিটিটা কী? কোথা থেকে আনলেন?”

টিআইবির কাছ থেকে এ ধরনের প্রতিবেদন প্রত্যাশিত নয় মন্তব্য করে তিনি বলেন, “আমার তো দুঃখের সাথে বলতে হয়, রিপোর্টটা বোধহয় একটু পক্ষপাতিত্ব করেছে। দ্যাট ইজ নট এক্সপেকটেড ফ্রম টিআইবি।”

তিনি বলেন, “তারা (টিআইবি) সংসদকে কার্যকর করার জন্য বলে দিলেন আরেকটা নির্বাচন হওয়া প্রয়োজন।

“আমি উনাদের একটি কথাই বলব, ২০১৪ সালে যে রকম নির্বাচন হয়েছে ২০০৮ সালেও একই ধরনের নির্বাচন হয়েছিল। ওখানেও বিরোধী দল সিট পেয়েছিল। কিন্তু তারা সর্বোচ্চ ৭০ দিনের জন্য সংসদে এসেছিল।”

এর আগে আইনমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত মেরিট লুন্ডেমো সৈজন্য সাক্ষাৎ করেন।

মন্ত্রী জানান, নরওয়েতে অবৈধভাবে যেসব বাংলাদেশি গেছে তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ‘জটিলতা’ নিরসনে উদ্যোগের কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত।

এ বিষয়ে নরওয়ের আইন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলে রাষ্ট্রদূত মেরিট লুন্ডেমো জানিয়েছেন।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানিয়েছেন, অনেক বাংলাদেশি নরওয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান যদিও তাদের বেশিরভাগই তা লাভের মতো ব্যক্তি নন।

এসব সমস্যা সমাধানের জন্য নরওয়ে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় বলেও লুন্ডেমো জানিয়েছেন।

এ প্রসঙ্গে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, “এর সঙ্গে সরকারের অন্য মন্ত্রণালয়ও জাড়িত। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ থেকে দক্ষকর্মী নেয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন।

নরওয়ের ব্যবসায়ীরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, গ্যাস ও তেল খাতে বিনিয়োগের আগ্রহী বলেও রাষ্ট্রদূত আইনমন্ত্রীকে জানিয়েছেন।