অবমাননা: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিলেন বার্গম্যান
ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ‘বিরূপ মন্তব্য করার’ অভিযোগ নিয়ে আদালতে নিজের ব্যাখ্যা দাখিল করেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন রেখেছেন বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল বার্গম্যানকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব দাখিলের এই নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী ডেভিড বার্গম্যানের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান মঙ্গলবার ট্রাইব্যুনালে জবাব দাখিল করেন।
তিনি পরে সাংবাদিকদের বলেন, “২০১১ সালের অক্টোবরে এবং ২০১৩ সালের জানুয়ারি মাসে ডেভিড বার্গম্যানের তিনটি লেখা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে জবাব দাখিল করেছি।”
তাতে কী বলা হয়েছে জানতে চাইলে মোস্তাফিজ বলেন,“লেখাগুলো ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে প্রকাশ করা হয়েছে। সুতরাং এগুলোতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করার অভিযোগটি সঠিক নয়, কারণ রায় ঘোষণার পরপরই বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। বরং লেখাগুলোতে আদালতের বিচারপ্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ সমালোচনা করা হয়েছে, যা উচ্চ আদালতের একটি পর্যবেক্ষণ অনুযায়ী গ্রহণযোগ্য।”
ডেভিড বার্গম্যান, তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন, বাবা অ্যালেন বার্গম্যান ও মা ভিউরিকা বার্গম্যানও মঙ্গলবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
গত ১৯ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ট্রাইব্যুনালে আবেদন করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।পরদিন এ বিষয়ে তার পক্ষে শুনানি করে অ্যাডভোকেট সাঈদ মিজান।
ওই দিন তিনি শুনানিতে বলেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান তার নিজের ব্লগে গত বছরের ২৮ জানুয়ারি ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি’ এবং ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২, ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন’ শীর্ষক লেখা প্রকাশ করেন।
এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানী হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়।
শুনানিতে তিনি বলেন, “ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই সেই রায় নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিচারাধীন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেছেন তার লেখায়। এসব মন্তব্য বিচারিক আদালতের জন্য হুমকিস্বরূপ এবং জনস্বার্থবিরোধী। একইসঙ্গে এগুলো রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং জাতীয় অনুভূতিকে ক্ষতিগ্রস্ত করেছে।”
ডেভিড বার্গম্যানের ব্লগে জামায়াত নেতা দেলাওয়ার হুসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার সমালোচনা করে লেখালেখির জন্য বিচারপ্রার্থী আন্দোলনের কর্মীদের কাছে আগেও সমালোচিত হয়েছেন বার্গম্যান।
এর আগে ২০১১ সালে ইংরেজি দৈনিক ‘নিউ এইজ’ এ মতামত কলামে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে বিরূপ মন্তব্য করায় ডেভিড বার্গম্যানকে কঠোর ভাষায় সতর্ক করে ট্রাইব্যুনাল।
নিজের লেখার বিষয়ে ডেভিড বার্গম্যান এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সেখানে ট্রাইব্যুনালের দেয়া কিছু আদেশ নিয়ে সমালোচনামূলক মন্তব্য রয়েছে, তবে সেগুলো পরিমিত ও নিরপেক্ষ, যদিও কেউ কেউ এতে দ্বিমত পোষণ করতে পারে।”
এর আগে ২০১১ সালের ২ অক্টোবর ‘এ ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর আদালত অবমাননার অভিযোগে প্রতিবেদক ডেভিড বার্গম্যান, নিউ এইজ সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানকে কারণ দর্শাতে বলে ট্রাইব্যুনাল।
শুনানি শেষে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ডেভিড বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করে আদেশ দেয়া হয়।
সে সময় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল শুধুমাত্র ভাবমূর্তির বিবেচনায় সংশ্লিষ্টদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।
