২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

রাজশাহীর চারঘাটে উপজেলা নির্বাচন নিয়ে চায়ের দোকানের আড্ডা আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে গড়ালে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 12:32 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে জয়-পরাজয় নিয়ে একটি চায়ের দোকানে আড্ডা থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এর এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা জামায়াত কর্মী মেরাজুলের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

“এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আহতদের মধ্যে জামায়াত কর্মী মেরাজুল ইসলাম (২৫) ও বিএনপি কর্মী বাবলুকে (৩৫) রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মেজানুর রহমান জানান, মিরাজুল ও বাবলুকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি মোর্তুজা জানান, আহত অপর দুজন নাসিব ও আসিবকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।