চোরাকারবারির হামলায় আহত ২ সাংবাদিক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতীয় সীমান্তে সংবাদ সংগ্রহের সময় চোরাকারবারিদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে সীমান্তবর্তী চেঁচড়া গ্রামে ছবি তুলতে গেলে দুর্বৃত্তরা তাদের ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
আহতরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোমেন মুনি এবং এটিএন বাংলার রফিকুল ইসলাম রফিক। তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তাফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আহত মোমেন মুনি জানান, পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পরে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
মুনি বলেন, ছবি তুলতে গেলে চোরাকারবারিরা তাদের উপর চড়াও হয় এবং তাদের ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
