শরীয়তপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
সোমবার সকালে উপজেলার বুড়িরহাটের লাঙ্গলভাঙ্গা ব্রিজ এলাকায় শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলার নসিমন চালক দেলোয়ার হোসেন ছৈয়াল ও তার ছেলে কামরুল ইসলাম বাবু (১২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পালং থানার এসআই এমারত হোসেন জানান,ছেলে বাবু ও শ্রমিক সোহানকে সকালে উপজেলার মনোহর বাজার থেকে নসিমনে ইটভর্তি করে একই উপজেলার সাজানপুর এলাকায় যাচ্ছিলেন দেলোয়ার।
তিনি বলেন, বুড়িরহাটের লাঙ্গলভাঙ্গা ব্রিজ এলাকায় চাঁদপুরগামী পিঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকা (মেট্রো-১১-৪৭৩২) নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে খালে এবং দেলোয়ার ও বাবু ছিটকে মহাসড়কে পড়ে।
এরপর ট্রাকটি বাবা ও ছেলেন উপর দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত হয় শ্রমিক সোহান। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার ট্রাকসহ চালককে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই এমারত।
