চাচার পিস্তল নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু
বাগেরহাটের মংলায় পিস্তল নিয়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত প্রীতি (৪) ঢালিরখন্ড গ্রামের পলাশ ইজারাদারের মেয়ে।
সোমবার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
পরিবারের বরাত দিয়ে মংলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঢালিরখন্ড গ্রামের ইকরাম ইজারাদারের লাইসেন্স করা পিস্তল ওয়্যারড্রপ থেকে বের করে তার ছোটভাইয়ের মেয়ে প্রীতি ও বোনের ছেলে তৃষাণ খেলছিল। লোড করা ওই পিস্তলের ট্রিগারে অসাবধানতা বশত চাপ লেগে একটি গুলি বের হয়ে প্রীতি কপালে বিদ্ধ হয়।
ওসি বলেন, এ ঘটনার পর ইকরাম ইজারাদারের আগ্নেয়াস্ত্রটি উদ্ধার এবং প্রীতির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
