যুক্তরাষ্ট্র প্রবাসীদের আশা জোগালেন মজীনা
নিউ ইয়র্কে বাঙালি পাড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সম্ভাবনার কথা শুনিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা। ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা।
ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা। ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা।
ছুটিতে স্বদেশ যাওয়া মজীনা শনিবার সন্ধ্যায় কুইন্সে নিউ টাউন মিলনায়তনে এই অনুষ্ঠানে যোগ দেন, যাতে আওয়ামী লীগ, বিএনপি উভয় দলের সমর্থকরাই ছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেস মং আয়োজিত এই অনুষ্ঠান শেষে উভয় দলের সমর্থকরাই রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মং কথা বলার আহ্বান জানালে ‘আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শুরু করেন রাষ্ট্রদূত মজীনা।
২০ মিনিটের বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ এখন আর দরিদ্র নয়। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম জনগোষ্ঠির সম্ভাবনাময় একটি রাষ্ট্র, যাকে ২০২১ সালের মধ্যে এশিয়ার অর্থনৈতিক টাইগার হিসেবে দেখা যাবে।”
গণতান্ত্রিক ব্যবস্থা অটুট রেখে বর্তমানের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক টাইগার হিসেবে আবির্ভূত হবে- মজীনার এই বক্তব্য করতালি পায় আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে।
নির্বাচন পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী- জানতে চাইলে মজীনা সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই যে বক্তব্য সিনেট পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে দিয়েছেন, সেটিই আমার বক্তব্য। বাংলাদেশের মানুষের প্রত্যাশার পরিপূরক নির্বাচন হোক, সেটা সবাই চায়।”
এই সময় দর্শকসারিতে বসা বিএনপির সমর্থকরা স্লোগানে স্লোগানে নতুন নির্বাচন দাবি করেন।
অনুষ্ঠানের শেষে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের প্রবাসী নেতারা মঞ্চে উঠে মজীনাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মিলনায়তন থেকে বের হওয়ার পর বিএনপির একদল কর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূতকে।
ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা।
ড্যান মজীনাকে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা।
অনুষ্ঠানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পর্কে এক প্রশ্নের জবাবে মজীনা বলেন, যুদ্ধাপরাধীরা শান্তি পাক এটা যুক্তরাষ্ট্র সবসময়ই চায়। বাংলাদেশে যে বিচার চলছে তাতে দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে এতে আন্তর্জাতিক মান যেন বজায় থাকে, তা যুক্তরাষ্ট্র চায়।
গ্রামীণ ব্যাংক বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন মনে করে এই আর্থিক প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে প্রশ্ন জমা দিয়েছিলেন ঐক্য পরিষদের প্রদীপ দাস। তবে তা রাষ্ট্রদূতের গোচরে নেয়া হয়নি বলে প্রশ্নোত্তর পর্বের সঞ্চালক রচনা শাহকে প্রশ্নবানে জর্জরিত হতে হয়।
পরে মজীনা এই বিষয়ে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ বন্ধ করলে হিন্দুদের ওপর হামলা কমে যাবে।
মজীনার এই অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল প্রবাসী মহলে। আওয়ামী লীগের অনেকের মধ্যে ধারণা ছিল, রাষ্ট্রদূত বিএনপিবিহীন নির্বাচনে গঠিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলবেন।
তবে তার কোনো প্রতিফলন না দেখার বিষয়ে ডেমক্রেটিক পার্টির কংগ্রেসনাল ন্যাশনাল ক্যাম্পেইন কমিটির সদস্য খোরশেদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে, তার বাইরে একটি কথাও বলার অধিকার নেই রাষ্ট্রদূত মজীনার।”
রোববার যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাতঃরাশ সভায় অংশ নেবেন মজীনা। সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি ডেমক্রেটিক এলায়েন্সের এক নৈশভোজে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি।
