২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে কমিটি

‘ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদ’ এবং ‘ট্রাফিক সিগন্যাল কার্যকরে করণীয় নির্ধারণে’ দুটি কমিটি গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 08:42 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার সচিবালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এ কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে সভা করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। আগামী ২৬ মার্চের পরেই এসব বিষয় বাস্তবায়ন করা হবে।

‘ফিটনেসবিহীন গাড়ি উচ্ছেদে’ করণীয় নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, ট্রাফিকের যুগ্ম-কমিশনার, হাইওয়ের ডিআইজি, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ট্রাক ও কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের সভাপতি।

স্থানীয় সরকার বিভাগের সচিবকে আহ্বায়ক করে ‘ট্রাফিক সিগন্যাল কার্যকরে করণীয় নির্ধারণ’ কমিটি গঠিত হয়েছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত ট্রাফিক কমিশনার, ঢাকা ট্রান্সপোর্ট কর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) একজন প্রতিনিধি, সড়ক বিভাগের যুগ্ম-সচিব, সড়ক পরিবহন সমিতির সভাপতি ও বিআরটিএ’র একজন প্রতিনিধি রয়েছেন এ কমিটিতে।

যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, সমস্যার মূলে হচ্ছে সমন্বয়হীনতা। সমন্বয়হীনতার জন্য কাজগুলো করতে পারি না।

“টার্মিনাল দখল করে চাঁদাবাজি অনেকটা কমে গেছে। তবে একেবারে কমে গেছে সে কথা বলতে পারি না।”

গত সরকারের শেষ দিকে অনেক কর্মসূচি নিয়ে তা বাস্তবায়ন করা যায়নি বলেও স্বীকার করেন কাদের।

তিনি বলেন, “দিনক্ষণ দিয়ে হয় না। দিনক্ষণ যারা দেয় তারা কাজ করে না। আমি কাজ করি।”

ঢাকা বিশ্বের সব থেকে নোংরা শহর উল্লেখ করে কাদের বলেন, “ডার্টি সিটি থেকে আমরা মুক্তি পেতে চাই। এই কলঙ্ক থেকে মুক্তি পেতে হবে।”

৫০০ ট্যাক্সিক্যাব আসছে

জাপান থেকে পেট্রোলচালিত পরিবেশ বান্ধব পাঁচশ’ ট্যাক্সিক্যাব আনা হচ্ছে জানিয়ে কাদের বলেন, সেনাবাহিনী আড়াইশ’ এবং তমা নামের একটি প্রতিষ্ঠান আড়াইশ’ ট্যাক্সিক্যাব আমদানি করবে।

ট্যাক্সিক্যাবগুলো ঢাকা ও চট্টগ্রামে চলাচল করবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রথম দফায় শিগগিরই সেনাবাহিনী ও তমা ৩০টি করে ৬০টি গাড়ি আনছে, এগুলো ঢাকায় চলাচল করবে।

আগামী পয়লা বৈশাখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও চট্টগ্রামে নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধন করবেন বলেও জানান যোগাযোগমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।