ধর্ষণের শিকার শিশুর আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্ষণের শিকার এক শিশু ফাঁসিতে আত্মহত্যা করেছে।
গন্ধবপুর গ্রামের বাসিন্দা মেয়েটির বাবা (নাম প্রকাশ করা হলো না) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার দুপুরে গন্ধবপুর গ্রামের বাড়ি থেকে তার মেয়েকে (১১) ডেকে নিয়ে ধর্ষণ করে পাশের বাড়ির প্রভাবশালী সফিল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮)।
এ ঘটনায় মেয়েটির বাবা পুলিশের কাছে যেতে চাইলে স্থানীয় সর্দার নূর ইসলামসহ কয়েকজন মান-ইজ্জতের ভয় দেখিয়ে তাকে থানায় যেতে বারণ করেন।
এ ছাড়া ধর্ষিতার বাবাকে পাঁচ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।
তিনি আরো জানান, ধর্ষণের অপমান সইতে না পেরে রোববার বেলা ১১টায় তার মেয়ে ঘরের মধ্যে ওড়না দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।
খবর পেয়ে স্থানীয় ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম কামালসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে যান বলে মেয়েটির বাবা জানান।
ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল ধর্ষণ ও আত্মহত্যার ঘটনাটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি অমল কুমার ধর জানান, “এ ধরনের ঘটনা অনেক সময় সাজানো হয়ে থাকে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
