নিহত ইউপি চেয়ারম্যানের ছেলেকে ‘কাফনের কাপড়’
নাটোর, মার্চ ১৬- দুই মাস আগে খুন হওয়া নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেকে এবার হত্যার হুমকি দেয়া হয়েছে।
কুরিয়ারের মাধ্যমে কাফনের কাপড় পেয়ে রোববার থানায় অভিযোগ করেছেন জয়নাল আবেদিন। তার বাবা আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনুকে গত ১৮ জানুয়ারি খুন করা হয়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরি করেন জয়নাল আবেদিন।
জয়নালের দাবি, বাবার খুনিরাই তাকে কাফনের কাপড় পাঠিয়েছে। ওসি শফিকুল বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।
জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে তার নামে ‘সুন্দরবন কুরিয়ারে’ একটি প্যাকেট আসে। তার ভেতরে কাফনের কাপড় ছিল।
প্যাকেটে পাঠানোর তারিখ আছে ১৩ মার্চ, প্রেরকের ঠিকানায় রয়েছে, কুমিল্লা থেকে সামশুল ইসলাম নামের এক লোক।
“আমার বাবার হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সামশুল ইসলাম প্যাকেটটি পাঠিয়েছে বলে ধারণা করছি। সে ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।”
কাফনের কাপড় পাওয়ার পর থেকে আতঙ্কে ভুগছেন জয়নালের পরিবার। সেইজন্য থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।
ফজলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। গত ১৮ জানুয়ারি সিংড়া থেকে পারশাউল গ্রামে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
