বাগেরহাটে হরতাল ডেকে মাঠে নেই বিএনপি-শিবির
বাগেরহাটের চার উপজেলায় হরতাল ডেকে মাঠে নেই বিএনপি ও ইসলামী ছাত্র শিবির।
উপজেলা নির্বাচন স্থগিতের দাবি বিএনপি এবং ভোটের দিন কর্মী খুনের অভিযোগে শিবির রোববার সদর, মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায় পৃথক হরতাল ডাকে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, হরতালে কোন ধরণেরর অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। দোকানপাট, অফিসসহ সকল প্রতিষ্ঠানে কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে।
বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচলও স্বাভাবিক।
“১৬টি অভ্যন্তরীন রুটসহ বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচল করছে স্বাভাবিক নিয়মে।”
বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে সহিংসতা এড়াতে আমরা রাজপথে কোন বিক্ষোভ মিছিল ও পিকেটিং করছি না।”
বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি আজমল হোসাইন বলেন, ছাত্র শিবির কর্মী মানজারুল ইসলাম হত্যার প্রতিবাদে জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। সেই অনুয়ায়ী কর্মসূচি চলছে।
“তবে বিক্ষোভ মিছিল বা রাস্তায় পিকেটিং করার এখনো কোন সিদ্ধান্ত নেইনি।”
শনিবার সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যে বাগেরহাটের মেগনিতলা এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন কলেজ ছাত্র ও স্থানীয় শিবির কর্মী মানজারুল ইসলাম। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা আরেকজন।
তৃতীয় দফার উপজেলা নির্বাচনে শনিবার বাগেরহাটের পাঁচ উপজেলায় ভোট হয়।
