নিউ ইয়র্ক ফ্লাইট: অংশীদার খুঁজছে বিমান
নিজস্ব উড়োজাহাজ দিয়ে নিউ ইয়র্কে ফ্লাইট চালু করার জন্য ক্রু, রক্ষণাবেক্ষণ ও ইন্স্যুরেন্স (সিএমআই) অংশীদার খুঁজছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করছেন, এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটিকে।
বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল অংশীদার খোঁজার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিউ ইয়র্কে ফ্লাইট চালাতে ওয়েট লিজ (এসিএমআই) পদ্ধতিতে উড়োজাহাজ খোঁজার পাশাপাশি রক্ষণাবেক্ষণ, ক্রু এবং ইন্স্যুরেন্সের জন্য পৃথক অংশীদার খোঁজা হচ্ছে।
“এ জন্য ইতোমধ্যে এফএএ এর ক্যাটাগরি ১ আছে এমন দেশের বিমান সংস্থাগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়ে দরপত্র ডাকা হয়েছে।”
তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি কেভিন। “১৯ মার্চ আরএফপি (রিক্যেয়েস্ট ফর প্রপোজাল) এর শেষ দিন। এর আগে কিছু বলাটা ঠিক হবে না।”
দীর্ঘদিন বন্ধ থাকা নিউ ইয়র্ক রুটটিতে আবার ফ্লাইট চালু করতে গত বছরের ১৭ অগাস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ। তবে নিজস্ব ব্যাবস্থাপনায় ফ্লাইট শুরু করতে হলে অবশ্যই বাংলাদেশকে এফএএ এর রেটিং অনুসারে ক্যাটাগরি ১ রাষ্ট্র হতে হবে।
ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) এর রেটিং অনুসারে বাংলাদেশ ক্যাটাগরি ১ রাষ্ট্র না হওয়ায় এদেশে নিবন্ধিত কোনো উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আর এ কারণেই মিশর থেকে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ওয়েট লিজ পদ্ধতিতে ভাড়ায় আনার পরিকল্পনাও করেছিল বিমান।
নিজস্ব উড়োজাহাজে এ রুটটি চালু করতে হলে উড়োজাহাজটির রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্স এমন কোনো দেশের হতে হবে যাদের এফএএ এর ক্যাটাগরি ১ রয়েছে।
প্রায় সাত বছর বন্ধ থাকা বিমানের এ রুটটিতে আগামী ৪ জুন থেকে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে বিমানের।
বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজিপ্ট এয়ারের উড়োজাহাজ ভাড়ায় আনার পদ্ধতি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বিমান পরিচালনা বোর্ড নিজেদের উড়োজাহাজে সিএমআই অংশীদার নিয়ে নিউ ইয়র্ক ফ্লাইট শুরু করার পক্ষে মত দিয়েছে।”
এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা বোর্ডের সাবেক পরিচালক কাজী ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতুবাংলাদেশ ক্যাটাগরি ১ নয়, তাই দুটি পদ্ধতিতে নিউ ইয়র্ক ফ্লাইট শুরু করা যাবে। একটি হলো সিএমআই অংশীদার নিয়ে এবং অপরটি ওয়েট লিজ পদ্ধতিতে উড়োজাহাজ ভাড়ায় এনে।”
নিজস্ব উড়োজাহাজে সিএমআই অংশীদার নিলে রুটটি লাভজনক হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সেক্ষেত্রে বিষয়টি হবে এমন যে আমাদেরই জিনিস অথচ আমরা অন্যের কাছ থেকে ভাড়া নেব।
“বোয়িং ৭৭৭ এর ক্রু থেকে শুরু করে প্রকৌশলী সবই আমাদের দেশে আছেন। কিন্তু এরপরেও যদি বিদেশ থেকে ক্রু, প্রকৌশলী আনতে হয় এটি হবে বিমানের জন্য বাড়তি বোঝা। অন্যদিকে আমাদের যে জনবল রয়েছে তাদেরকেও বসিয়ে রাখতে হবে।”
বিমানের বহরে বর্তমানে তিনটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে আরো একটি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
১৯৯৩ সালে ঢাকা থেকে আমস্টারডাম হয়ে নিউ ইয়র্কে ফ্লাইট শুরু করে বিমান। পরে ডিসি ১০ উড়োজাহাজ ব্যবহার করে সপ্তাহে তিনদিন ঢাকা থেকে দুবাই এবং ব্রাসেলস হয়ে নিউ ইয়র্কে ফ্লাই্ট চালানো হয়।
সে সময় প্রতিটি ফ্লাইটের জন্য প্রায় ৩৫ লাখ টাকা লোকসান গুনতে হতো বলে বিমানের হিসাব।
রুটটিতে লোকসান কমাতে ২০০৬ সালে তিনটির স্থলে সপ্তাহে একটি করে ফ্লাইট পুনঃবিন্যাস করে বিমান। তবে লোকসান কমাতে ব্যর্থ হওয়ায় একই বছরের ২৯ জুলাই রুটট বন্ধ ঘোষণা করা হয়।
বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট আবার পেছাচ্ছে
