৫২ বছরে পা দিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
৫২ বছরে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ উপলক্ষে বিভাগের বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। নবীন বরণ, বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিলো এ অনুষ্ঠানের অংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তৎকালীন পূর্ব পাকিস্তান প্রেস কমিশনের সুপারিশে ১৯৬২ সালের ২ অগাস্ট বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা শিক্ষা প্রদান শুরু হয়। সাংবাদিক আতিকুজ্জামান খানকে বিভাগের প্রথম প্রধান নিযুক্ত করা হয়। তখন এক বছর মেয়াদি সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স চালু হয়। প্রথম ব্যাচে ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়।
বর্তমানে ছয়টি সরকারি এবং সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নামে এই বিভাগ রয়েছে।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতা বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে শুধু সাংবাদিকতা নয়, উন্নয়নের সব স্তরেই বিভাগের শিক্ষার্থীরা তাদের অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।”
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষ থেকে দুই বছরের মাস্টার্স কোর্স চালু হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরপর বিভাগের নাম হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ডিপ্লোমা কোর্সের পরিবর্তে তিন বছর মেয়াদি সম্মান এবং এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু হয়।
১৯৯৭-৯৮ সালে বিভাগটি কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা হয়।
