বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্রদের সুযোগ বাড়াতে হবে: রাষ্ট্রপতি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ব্যয়বহুল বিধায় এখানে সমাজে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণির ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পায় না। তাদের শিক্ষার জন্য বৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতে হবে।”
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেসের (ইউআইটিএস) সমাবর্তনে একথা বলেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, “কেবল বিত্তবান ঘরের সন্তান নয়, দরিদ্র ঘরের সন্তানরাও যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে বিষয়টি সুবিবেচনার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
অসাম্প্রদায়িক শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “হাজার দুয়ারী আলোকিত রাজ্যে প্রবেশের মাধ্যম হোক শিক্ষা। কুসংস্কার আর অন্ধকার কূপমণ্ডুকতায় আবিষ্ট বদ্ধঘরের খোলা জানালাটি হোক শিক্ষা। যা কিছু সংকীর্ণ, শিক্ষা আমাদের শেখাবে তা পরিহার করতে। যা কিছু সাম্প্রদায়িক শিক্ষা তা বিকার বলে সবার কাছে প্রতিভাত করবে।
“বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন শিক্ষার প্রয়োজন খুব বেশি। মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষাই আমরা চাই।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ইউআইটিএসের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান ও উপাচার্য মুহাম্মদ সামাদ।
মাহাথির মুহাম্মদকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, “আপনার উপস্থিতি আমাদের সম্মানিত করেছে। আমি মনে করি এই উপস্থিতি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সৌহার্দ্য প্রকাশ করেছে।”
শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। শ্রম বাজারের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিকল্পনা করতে হবে।
“বিশ্বায়নের এই যুগে জ্ঞান-বিজ্ঞানের সকল ক্ষেত্রে বিশ্ব প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের পেশাভিত্তিক প্রচলিত ও অপ্রচলিত কলা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। চাহিদাভিত্তিক ও কর্মনির্ভর শিক্ষা এ যুগে একান্তভাবে প্রয়োজন।”
রাষ্ট্রপতি বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয় যে, এ উপমহাদেশেই বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিরূপ দেখা দিয়েছিল। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার বিদ্যাপীঠ শুধু বিদ্যার সঞ্চার নয়, বিদ্যার গৌরবেও ছিল খ্যাতিমান। পণ্ডিত শীলভদ্রের মতো শিক্ষক ছিলেন এসব প্রতিষ্ঠানে।
“বিশ্বজনীন মনুষত্বের প্রতি সুগভীর শ্রদ্ধা, বিদ্যার প্রতি গৌরববোধ, সৃষ্টির পরম আনন্দে সকলকে চিত্রসম্পদ দান করার দায়িত্বজ্ঞান ছিল সব শিক্ষকদের। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়টি মাথায় রেখে শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করতে হবে।”
পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে সমাবর্তনের গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “তোমাদের মনে রাখতে হবে, আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে।”
