২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোরাই’ গাড়িসহ চেয়ারম্যান আটক

যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে একটি ‘চোরাই’ গাড়িসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 12:25 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বেনাপোল বন্দর থানার পরিদর্শক (ওসি) মোশাররফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বেনাপোলের বারোপোতা বাজার থেকে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের আটক করে।

এরা হলেন- পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার ও তার সহকারী ইদ্রিস আলী ও হারুন অর রশিদ।

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় এক প্রাইভেটকার চালককে হত্যা করে গাড়ি চুরির অভিযোগে ঢাকা ডিবি পুলিশের একটি টিম তিনজনকে নিয়ে গেছে। চেয়ারম্যান আব্দুল গফ্ফার চুরি হওয়া প্রাইভেট কারটি ব্যবহার করতেন।”

তবে গাড়ি চুরির বিষয়টি নাকচ করেছেন পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

ঘটনাটিকে পুলিশি হযরানি বলে অভিযোগ করেন তিনি।