বাগেরহাটে জামায়াত প্রার্থীর সমর্থক খুন
বাগেরহাটের মেগনিতলা এলাকায় ভোটের সকালে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, যাকে শিবিরকর্মী বলে দাবি করেছে জেলা জামায়াত।
শানিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনায় আহত আরেকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী অজম খান জানান, নিহত মানজারুল ইসলাম (২০) বাগেরহাট সরকারি পিসি কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যায়।
বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে খুলনা পাঠানো হয়েছে। নিহতের মাথাসহ শরীরের অনেক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীরা জানিয়েছে, গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জামায়াতে ইসলামীর সমর্থক মোস্তাইন বিল্লাহর পক্ষে কাজ করেছিলেন মানজারুল।
মানজারুলকে শিবিরকর্মী দাবি করে বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত ও আহত দুজনই বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। জোট সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে।”
এদিকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. হাবিবুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবেই ভোট নেয়া শুরু হয়েছে পাঁচ উপজেলায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনধরনের গোলযোগের খবর আসেনি।
