২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আগুনে পুড়েছে ৩০টি ঘর

নীলফামারীর ডোমার উপজেলায় আগুন লেগে পুড়ে গেছে ১৪টি পরিবারের ৩০টি ঘর।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শুক্রবার ভোর সাড়ে ৩টায় উপজেলার বোড়াগাড়ী  ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনিছুর রহমান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আনিছুর জানান,  গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এতে আব্দুল হাই, আফজাল, দুলু হোসেন, আব্দুল খালেক ও আব্দুল মালেকসহ ১৪টি পরিবারের অন্তত ৩০টি ঘর এবং ঘরে রাখা ধান, চাল, আসবাবপত্র পুড়ে যায়। সাতটি গরুও মারা গেছে এ ঘটনায়।

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম মোস্তফা দাবি করেন, আগুনে ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।