২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুই দোকানে ‘দুর্বৃত্তদের’ আগুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে দুই মুক্তিযোদ্ধার দুটি ব্যবসা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 09:13 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার গভীর রাতে কচুয়ার ধোপাখালী গ্রামের ফুলতলা বাসস্ট্যান্ডের ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে বাইরে থেকে আগুন লাগানো হয় বলে বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান।

এর মধ্যে পুড়ে যাওয়া একটি মুদির দোকানের মালিক মাহমুদ হোসেন (৬৫) একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি  স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

নাশকতার শিকার অপর দোকানটি সার ও কীটনাশকের, যার মালিক শেখ মতিয়ার রহমানও (৭২) একজন মুক্তিযোদ্ধা।

দোকান মালিকরা জানান, তাদের দোকানে বিদ্যুৎ সংযোগ নেই বলে তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করতেন। দোকানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

মাহমুদ হোসেন বলেন, “বৃহস্পতিবার রাতে অন্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা মোবাইল ফোনে আমাকে দোকানে আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে সেখানে পৌঁছানোর আগেই দোকান পুরো পুড়ে যায়।”

দোকানে অন্তত আট লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।

অপর দোকান মালিক মতিয়ার রহমান বলেন, “আমার দোকানে দাহ্য কোনো পদার্থ ছিল না। নাশকতা করেই কেউ আগুন লাগিয়ে দিয়েছে।”

শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাইরে থেকে আগুন লাগানো হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী এখানে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। ক্ষতিগ্রস্তরা মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”