মাধবপুরে ট্রাক চাপায় শিশু নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় আট বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ৩টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগাহ গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় মারা যায় শিশু আব্দুর রাজ্জাক(৮)।
রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের লেমন মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কামাল উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে বাসে হবিগঞ্জের বানিয়াচংয়ে যাচ্ছিল একটি দল।
পথে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটির একটি চাকা নষ্ট হলে যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায়।
শিশু রাজ্জাক হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।
এস আই জানান, এ ঘটনায় জনতা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকা থেকে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
