রাউজানে গিয়াস উদ্দিন কাদেরের উপর হামলার অভিযোগ
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শুক্রবার দুপুরে উপজেলার মুন্সী ঘাটা এলাকায় এই হামলা হয় বলে জানান তিনি।
তবে রাউজান এলাকায় এধরনের কোনো ঘটনার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গিয়াস উদ্দিন কাদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সী ঘাটা এলাকায় তার গাড়ি বহরে হামলা হয়।
“স্থানীয় সন্ত্রাসী খালেক, টিটো ও চড়ই তার ওপর এ হামলা চালায়।”
তারা আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন গিয়াস উদ্দিন কাদের।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই গিয়াস বলেন, “তারা বন্দুক দিয়ে আমার ব্যক্তিগত গাড়ির আয়না ভাংচুর করেছে।”
এ ধরনের কোনো ঘটনা ঘটেনি দাবি করে রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, “মোবাইল ফোনে এ ধরনের অভিযোগ পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম।
“এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি কিন্তু এ ধরনের কোনো ঘটনার সত্যতা আমরা পায়নি।
ঘটনাস্থলে কোনো ধরনের গাড়ির আয়নাও পাওয়া যায়নি বলে দাবি ওসি প্রদীপের।
