চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ তিন যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, শুক্রবার বিকাল ৫টায় ওমান এয়ারের একটি বিমানে আসা ওই তিন যাত্রীকে আটক করা হয়েছে।
তারা হলেন- সাতকানিয়ার হারুন, পতেঙ্গার ইকবাল হোসেন এবং কুমিল্লার হাসান।
মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস্কট থেকে ওমান এয়ারের একটি বিমানে আসা ওই তিন যাত্রীকে তল্লাশি করে ছয়টি সোনার বার জব্দ করা হয়।
“সোনার বার ছয়টির মোট ওজন প্রায় সাতশ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ত্রিশ লাখ টাকা।”
আটক তিনজনের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।
