গণমাধ্যমে নারী: ‘চেষ্টা ও তদবির’ করবেন ইনু
গণমাধ্যমে শতকরা ২৫ ভাগ নারী সাংবাদিক নিয়োগে ‘চেষ্টা ও তদবির’ চালাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
একইসঙ্গে সাংবাদিকদের ইউনিয়নগুলোর নেতৃত্ব মনোনয়নের সময় নারীদের জন্য অন্তত ৩০ শতাংশ রাখার সুপারিশ করেছেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত ‘সাংবাদিকদের নেতৃত্বে নারী সাংবাদিকদের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে নারী সাংবাদিকদের বক্তব্যে গণমাধ্যমে নারীদের নিয়োগে প্রতিবন্ধকতা, বৈষম্য, সংস্কৃতি ও পরিবারের বাধাসহ নানা দিক উঠে আসে।
নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, “বর্তমানে কর্মক্ষেত্রে কোথাও নারীরা অযোগ্য নয়। গণমাধ্যমগুলোতে ২৫ শতাংশ নারী নিয়োগ দেয়া হোক।”
ফাইল ছবি
এ বিষয়ে সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেয়ার পাশাপাশি ‘চেষ্টা ও তদবির’ চালানোর প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী
তিনি বলেন, “বৈষম্য দূর করতে নারীদের লড়াই দীর্ঘস্থায়ী ও কষ্টকর। নারী ও পুরুষকে একসঙ্গে এ লড়াই চালাতে হবে।”
নারীদের সম্পত্তির অধিকার নিয়েও কথা বলেন জাসদ সভাপতি ইনু।
তিনি বলেন, “আমাদের এক বোন ৪ ভাইয়ের মধ্যে মা-বাবার সম্পত্তি সমানভাগে ভাগ করা হয়েছে। জীবিত থাকতেই ছেলে-মেয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগ করে যান, মরে গেলে আর সম্ভব হবে না।”
ইনুর মতে, বৈষম্য দূর করতে নারীদের দুই ধরনের লড়াই। প্রথম লড়াই কর্মক্ষেত্রে বৈষম্য, নির্যাতন ও নিরাপত্তাহীতানার বিরুদ্ধে। আর দ্বিতীয়ত সমাজের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে।
“এ দুই লড়াই একসাথে চালাতে পারলেই লিঙ্গ বৈষম্য দূর হবে।”
নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়া কান্ট্রি ডিরেক্টর তাহমিনা রহমানসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্টের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। সেমিনার পরিচালনা করেন নারী সাংবাদিক কেন্দ্রের শান্তা মারিয়া।
