সুপ্রিম কোর্ট বারেও আ. লীগ সমর্থকদের ভরাডুবি
ঢাকা বারের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।
১৪টি পদের মধ্যে ১৩টিতে জয়ী হয়েছে তারা। শুধু একটি সদস্য পদ পেয়েছে সরকার সমর্থকদের সাদা প্যানেল।
আওয়ামী লীগ সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আব্দুল মতিন খসরুকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
আর সম্পাদক পদে সাবেক ছাত্র নেতা রবিউল আলম বুদুকে হারিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ওই নির্বাচন হয়েছিল।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেন্ডেন্ট নিমেষ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে মোট ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৩৭টি ভোট পড়েছে।
বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণের পর শুক্রবার ভোরে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
বিএনপিজোট সমর্থিত প্যানেলের বিজয়ী অন্যরা হলেন, সহসভাপতি পদে মো. খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি; কোষাধ্যক্ষ পদে মাসুদ আহমেদ সাইদ; সহকারী সম্পাদক পদে একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার।
সদস্য পদে আফসানা রশিদ শুভ্রা, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু একই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন।
এই প্যানেলের মো. জাহাঙ্গীর জমাদার সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাদা প্যানেলের মো. আবুল কালাম আজাদের কাছে হেরেছেন।
গত নির্বাচনেও সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছিল বিএনপিপন্থী আইনজীবীরা।
