২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে শামীমের মৃত্যু মামলায় দুই পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ

পুলিশের হেফাজতে নির্যাতনে যুবক শামীম রেজার মৃত্যুতে দুই পুলিশকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 10:24 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

অভিযুক্তরা ওই থানার সাবেক পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও এসআই পল্টু ঘোষ।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি নিশ্চিত করেন জেলা পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা পরিদর্শক (ডিআই ১) মইনুর রহমান।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলা থেকে নারায়ণগঞ্জ পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (সার্কেল খ) উত্তম প্রসাদ পাঠক ও সাবেক ওসি আতিকুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ হেফাজতে নিহত শামীম সোনারগাঁয়ের চাঞ্চল্যকর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

২০১৩ সালের ১৯ এপ্রিল রাতে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরে তার স্ত্রী শামীমা, শ্যালক রানা ইসলাম, দুইজন গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তার খুন হন।

এ ঘটনায় শামীমকে থানায় ৫ দিন আটকে রাখা হয়। এরপর ২২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম।

শামীমের মৃত্যুতে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিহতের স্ত্রী সাবিকুন নাহার তুহিন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করে।

শামীম রেজার মৃত্যুর পর ঢাকার শাহবাগ থানায় অপমৃত্যু মামলায় ঢাকা মেডিক্যাল কলেজের ফরেসনিক প্রতিবেদনে উল্লেখ করা হয় ভোতা অস্ত্রের আঘাতেই শামীম রেজার মৃত্যু হয়েছে। এ প্রতিবেদনের বিষয়টি আদালতেও দাখিল করা হয়।