শিশু ধর্ষণে মাসহ ধর্ষক ছেলের কারাদণ্ড
রাজশাহীতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ এবং তাকে আত্মহত্যায় প্ররচণার দায়ে ধর্ষক ও তার মাকে সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক আবু সুফিয়ান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর কাশিয়াডাঙ্গার ফেতরাপাড়া মহল্লার সাদের আলী ছেলে মাসুদ আলী (২০) ও তার মা মাছুরা বেগম (৪০)।
এ মামলার অপর দুই আসামি মাসুদের বাবা ও ভাইকে খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় চারজনকেই আদালতে হাজির করা হয়।
মামলায় বাদি পক্ষের আইনজীবী আশুরা খাতুন বলেন, রায়ে ধর্ষক মাসুদের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়াও মামলার অপর একটি ধারায় তার আরো সাত বছরের কারাণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মাসুদের মাকে পাঁচ বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১১ সালের ২৯ জুলাই মাসুদ ১৩ বছর বয়সী শিশু রুমি খাতুনকে ধর্ষণ করে।
ধর্ষিতা শিশুটি মাসুদের মায়ের কাছে বিচার চাইতে গেলে মাছুরা বেগম তাকে অপমান করে বিষ খেয়ে মরতে বলেন।
এ সময় মাসুদের ছোট ভাই সম্রাট (১৮) তাকে মারধরও করে।
এরপর বাড়ি ফিরে রুমি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। কয়েকদিন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মসুদ, তার বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় রুমির বাবা হাসিবুল মামলা করেন।
