সুড়ঙ্গ কেটে বগুড়ায় ব্যাংক লুটঃ তদন্ত কর্মকর্তা পরিবর্তন
সুড়ঙ্গ কেটে বগুড়ার আদমদিঘী উপজেলায় সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় করা মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেয়া হয়েছে।
এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন আদমদিঘী থানার পরিদর্শক(তদন্ত) জহুরুল হক।
বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ব্যাংক লুটের ঘটনার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, আদমদিঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত তিনজনকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট বিচারক আহম্মেদ শাহরিয়ার তারিকে আদালতে তদন্তকারী কর্মকর্তা জহুরুল হক ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এরা হলেন আদমদিঘী উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে মোজাম (৫০), একই উপজেলার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪২) ও বাচ্চু মিয়ার ছেলে শাহদৎ (৩৫)।
এরআগে আরো ৮ জনকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন নতুন ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন।
৬ দিন পেরিয়ে গেলেও লুট হওয়া ৩০ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা উদ্ধার হয়নি।
লুণ্ঠিত টাকা উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে সহায়তাকারীকে ১ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয় পুলিশ।
