২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে নির্বাচনে প্রতিপক্ষের কর্মীদের পেটোনোর অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৯দল সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির তিন সদস্যকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোনাইল বাজারে এ ঘটনায় ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে পেটানোর অভিযোগ উঠেছে।

বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ ইরতিজা আহসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

“ঘটনায় জড়িতদের সনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতে বিচারের জন্য সহকারী কমিশনার (ভূমি) শওকাত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

নির্বাচনে জামায়াতে ইসলামের নেতা আব্দুল হাকিমকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।

বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) সোলায়মান আলী জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন (২৮) আব্দুল আমিন (২৫) ও জাহাঙ্গির আলম (২২) দুপুরে জোনাইল বাজারে প্রচার চালাচ্ছিলেন।

এ সময় ছাত্রলীগ কর্মী মামুন হোসেন, বুলবুল হোসেন, হেলাল উদ্দিন ও শাহীন হোসেনসহ ১০/১২ জন লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাদের আহত করে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী হলেও বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর হোসেন ওরফে জিন্নাহর দাবি  ছাত্রলীগ ওই ঘটনার সঙ্গে জড়িত না।

পরিস্থিতি অশান্ত করার জন্য মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।

আগামী ২৩ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।