নির্বাচনী সহিংতায় ফেনীতে মামলা, গ্রেপ্তার ১
ফেনীতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সহিংসতায় পুলিশের কাজে বাধা দানের অভিযোগে মামলা করছে পুলিশ।
এ মামলায় বৃহস্পতিবার পুলিশ বিএনপি কর্মী কাজী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন।
ফুলগাজীতে বুধবার দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় তিনটি নির্বাচনী কার্যালয়, দুটি দোকান, একটি মাইক্রোবাস ও ২টি মোটর সাইকেলে আগুন দেয়া হয়। অন্তত ১৫ জন আহত হয়।
সংঘর্ষের সময় অর্ধশতাধিক হামবোমার বিস্ফোরণ ও গুলিবিনিময় হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
ফুলগাজী থানার ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, সংঘর্ষ চলাকালে পুলিশের কাজে বাধা দেয়ায় পুলিশ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১১০ জনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেছে।
ঘটনার পর উপজেলায় উত্তেজনা বিরাজ করায় উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মাহিদুর রহমান ঘটনার লিখিত বিবরণ জেলা রির্টারিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক’র কাছে পাঠিয়েছে।
তবে নির্বাচন অফিস ও থানায় কোন অভিযোগ করেনি প্রার্থীরা।
আগামী ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
